ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্যায়ে বাংলাদেশের দুটি খেলার দিন ১৯ ফেব্রুয়ারি ও ১৯ মার্চ ঢাকা ও চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের জাতীয় সাংগঠনিক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।
শিক্ষার্থীরা যেন দেশের খেলা দেখতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন হবে ১৭ ফেব্রুয়ারি ঢাকায়। ১৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মার্চ বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
গণভবনের বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। প্রধানমন্ত্রীও কিছু দিক নির্দেশনা দেন বলে বাসস জানায়।
সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, তিন বাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০০ ঘ.
bdnews24