২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তমালতলা কৃষি ও কারিগরি কলেজে অচলাবস্থা

অধ্যক্ষের অপসারণ দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গত ১ জানুয়ারি থেকে ক্লাশ বর্জন শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

নাটোর, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষের অপসারণ দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গত ১ জানুয়ারি থেকে ক্লাশ বর্জন শুরু করেছে। অধ্যক্ষ অপসারিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে আসবে না বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে অধ্যক্ষ তার পদ ছাড়তে নারাজ। সোমবার শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় আটশতাধিক শিক্ষার্থীর অভিভাবকরা উদ্বিগ্ন। কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা দুপুর ১২টায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় অধ্যক্ষ কক্ষে ছিলেন না। খবর পেয়ে অধ্যক্ষ মাজেদুর রহমান কলেজে প্রবেশের চেষ্টা করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠি ও ইটপাটকেল নিয়ে অবস্থান নেয়। পরে অধ্যক্ষ কলেজের প্রবেশ পথ থেকে সরে যান। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ মাজেদুর রহমান কলেজের টাকা দিয়ে জমি কিনে নিজের নামে দলিল করেছেন। উৎকোচ চেয়ে না পেয়ে তিনি সাতজন শিক্ষকের পদোন্নতি আটকে রেখেছেন। চাকরি দেওয়ার নামে জমি ও নগদ টাকা নিয়ে পরবর্তীতে অনেককে চাকরি দেননি। বিভিন্ন অজুহাতে কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ সরকারের বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন। তারা দাবি করেন, জেলা প্রশাসন থেকে এসব অভিযোগ তদন্ত করাও হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। তবে অধ্যক্ষের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গত ৩১ ডিসেম্বর অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। সবাই আশা করেছিলো- অধ্যক্ষ অবসরে গেলে কলেজের প্রশাসন সুস্থ ধারায় ফিরে আসবে। কিন্তু সবার অগোচরে অধ্যক্ষ মাজেদুর রহমান তার চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে নেন। গত ১ জানুয়ারি থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে অধ্যক্ষ অপসারণের আন্দোলনে নামে। শিক্ষার্থীরা ক্লাস বর্জনের পাশাপাশি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অধ্যক্ষের কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করে। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন খান কলেজে এসে দশদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময়ে সমস্যার সমাধান হয়নি। অন্দোলনকারীরা বিষয়টি নাটোর-২ আসনের সাংসদ ও যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে তুলে ধরেন। তিনি জেলা প্রশাসককে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক অধ্যক্ষ মাজেদুর রহমানকে দশ দিনের বাধ্যতামূলক ছুটি দেন। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেন। দশ দিনের ছুটি শেষে অধ্যক্ষ কলেজে যোগদান করলে আন্দোলকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার আন্দোলকারীরা তমালতলা বাজারে সমাবেশ করে। সমাবেশে কলেজের শিক্ষক ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সোমবার থেকে অধ্যক্ষকে কলেজে ঢুকতে দেবেন না বলে ঘোষণা দেন। তারা অধ্যক্ষকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়া কলেজের শিক্ষক ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সাংবাদিকদের বলেন, এটি জেলার ঐতিহ্যবাহী একটি কলেজ। এখানে আট শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। সব কিছু ভেবে তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে তাকে অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছিলাম। তিনি তাতে রাজি হননি। আবুল হোসেন বলেন, অধ্যক্ষ মাজেদুর রহমান জেলা আওয়ামী লীগের একজন সহ-সভাপতি। তার বিরুদ্ধে আনীত কিছু অভিযোগ ইতোমধ্যে প্রমাণ হয়েছে। এখন তিনি পদত্যাগ করলেই কলেজে শিক্ষার পরিবেশ ফিরে আসবে। তিনি তা না করলে তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। কলেজের চতুর্থ পর্বের ছাত্র আরিফ হোসেন বলেন, অধ্যক্ষ স্যারের একগুয়েমির কারণে তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কলেজের প্রথম পর্বের ছাত্র মামুন হোসেনের বাবা নাহিদ হোসেন বলেন, অনেক আশা নিয়ে ছেলেকে এই বড় কলেজে ভর্তি করেছেন। কিন্তু কলেজের অবস্থা দেখে মনে হচ্ছে, এখানে পড়ালেখা হবে না। অধ্যক্ষ মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আইনানুগভাবে এখনো এই কলেজের অধ্যক্ষ পদে বহাল আছি। একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে অবস্থান করিয়েছেন।" তিনি দাবি করেন, শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়ায় তারাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা তার কক্ষে তালা লাগিয়ে অন্যায় করেছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আপেল মাহমুদ বলেন, উভয়পক্ষ তাদের তর্কিত বিষয়টি আলাপ আলোচনা করে মীমাংসা করে নিতে পারতেন। কিন্তু তারা তা করতে ব্যার্থ হয়েছেন। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পুলিশ এখন পর্যন্ত কলেজে আইনশৃঙ্খলা ঠিক রেখেছেন বলে এএসপি জানান। জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, "দীর্ঘদিন ধরে কলেজে অস্থিরতা চলছে। সবাই মিলে সমস্যা সমাধানের আমরা চেষ্টা চালিয়েছি। কিন্তু কোন পক্ষই ছাড় দিতে রাজি না। তবে আমি আশাবাদি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৮ ঘ.