ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনের শতবর্ষী গাছগুলো পরিবেশবাদীদের বাধার ফলে কাটতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
'জরাজীর্ণ' হয়ে যাওয়ার কথা বলে চারটি কড়ই গাছ কাটার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার দপ্তর।
সোমবার দুপুরে শ্রমিকরা গাছগুলো কাটা শুরু করলে পরিবেশবাদী কয়েকটি সংগঠনের কর্মীরা গিয়ে বাধা দেন। ফলে গাছকাটা বন্ধ রাখা হয়।
পলাশী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার যাওয়ার পথে সলিমুল্লাহ হলের সামনের রাস্তার দুইধারে দাঁড়িয়ে আছে বড় বড় এই কড়ই গাছ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চিহ্নিত চারটি গাছের জীবন্ত ডাল-পালা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ন্যাড়া করে ফেলা হয়েছে গাছগুলো। কাটা অংশগুলো থেকে কস চুইয়ে পড়ছে।
পরিবেশবাদী সংগঠন গ্রীন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসীম কাতাবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে ডালগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো কাটা যেতে পারে। তাই বলে পুরো গাছটিই কেটে ফেলতে হবে কেন?"
অপর একটি সংগঠনের মহাপরিচালক তুষার রেহমান বলেন, "শতবর্ষী গাছের পাতা এমনিতেই কম থাকে। আসলে বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে।"
"পুরনো গাছ কাটার ক্ষেত্রেও একটা বিধিমালা থাকে। এখানে যেসব কারণ দেখিয়ে গাছ কেটে ফেলা হচ্ছে তার একটিও নেই এখানে", বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার দপ্তরের তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, "এই গাছগুলি শুকিয়ে গেছে। যেকোনো সময় ডাল ভেঙে পড়তে পারে। এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে। তাই জন নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হচ্ছে।"
এই চারটি গাছ কেটে ফেলার জন্য বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার দপ্তর গত ১৬ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৪ ঘ.
bdnews24