২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি আলাওল হলে ফাটল, আতঙ্ক

ভুমিকম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলের ভবনে অর্ধশতাধিক ফাটল দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

তাবারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুমিকম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলের ভবনে অর্ধশতাধিক ফাটল দেখা দিয়েছে। শুক্রবার রাতে ভূমিকম্পের পর চবি উত্তর ক্যাম্পাসের আলাওল হলে এ ফাটল সৃষ্টি হয়। ওইদিন সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে চট্টগ্রামসহ সারাদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূকম্পন হয়। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে পুরনো এই হলে ফাটল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ১৯৬৮ সালে নির্মিত এ হলের একশ ৫৬টি কক্ষে মোট তিনশ শিক্ষার্থী বাস করে। শনিবার বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন এসব ফাটল দেখেন। আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভূমিকম্পের কারণে এ ফাটল ধরেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপাচার্য, প্রকৌশল বিভাগ ও রেজিস্ট্রারকে লিখিতভাবে জানিয়েছি।" তিনি বলেন, প্রকৌশল বিভাগ তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমরা শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" হলের ১০৮ নম্বর কক্ষের বাসিন্দা জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভূমিকম্পের সময় বিকট শব্দ হয়। এ সময় ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে। আতংক ও ভয় নিয়েই হলে থাকছি।" হলের ১১৫ নম্বর কক্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এস এম রাশেদ বলেন, "হলে যে ফাটল সৃষ্টি হয়েছে তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মতো আরো একটি ট্রাজেডি ঘটতে পারে।" হলের ডাইনিং সহকারী মো. আবদুল শুকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাবার পরিবেশনের সময় ভূমিকম্প হয়। তখন মনে হয়েছিল ভবনটা ভেঙে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেবি/পিডি/২১০৪ ঘ.