২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তি নিয়ে ফের আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায়ও ভুলের অভিযোগ ওঠায় আবারো আন্দোলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায়ও ভুলের অভিযোগ ওঠায় আবারো আন্দোলন শুরু হয়েছে। পুনঃপরীক্ষায় ভর্তির সুযোগ পেতে ব্যর্থ হওয়া শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেছে। এদের সঙ্গে প্রথম পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়া কিন্তু পুনঃপরীক্ষায় তা লাভে ব্যর্থ অনেক শিক্ষার্থীও রয়েছে। আন্দোলকারীরা পুনঃভর্তি পরীক্ষার প্রশ্ন সংশোধন এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়ন এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। এসব দাবি পূরণে শনিবার দুপুরে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। তবে প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে ফলের ব্যাপক পরিবর্তন হলে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পুনঃপরীক্ষার সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে রিট হয়। অবশেষে আদালতের অনুমতিতে গত ২০ ডিসেম্বর ১০০ আসন বাড়িয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। পুনঃপরীক্ষায় হিসাব বিজ্ঞান অংশে ৮টি এবং ব্যবস্থাপনা অংশে ২টি প্রশ্নে ভুল ছিলো বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নতুন করে এ আন্দোলনে শুরু হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “স্বচ্ছতার কথা বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় দফা পরীক্ষা নিলো। কিন্তু এ কেমন স্বচ্ছতা যেখানে আগের বার ভুল হয়েছিলো ৬টি আর এবার হয়েছে ১০টি।” আরেক শিক্ষার্থী এস এম ইউসুফ হোসেন বলেন, “৬টি ভুল থাকায় আগের পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেওয়া হলে ১০টি ভুলের জন্য কেন নতুন করে ব্যবস্থা নেওয়া হবে না?” দ্বিতীয়বারের পরীক্ষায় ভুলের বিষয়ে পুনঃভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০টি নয়, পুনঃপরীক্ষায় মাত্র দুটি ভুল ছিলো। সে দুটির জন্য সবাইকে নম্বর দিয়েই ফল ঘোষণা করা হয়েছে। সুতরাং সেখানে আর কোনো অস্বচ্ছতা নেই।” এদিকে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পুনঃপরীক্ষায় প্রশ্নপত্রে ভুলের অভিযোগ ঠিক নয়। “টাইপ ও মুদ্রণ বিভ্রাটের কারণে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতির প্রশ্নেপত্রে দুই বা একটি বিচ্যুতি রয়ে যায় এবং উত্তরপত্র মূল্যায়নের আগেই পরীক্ষা কমিটির কাছে তা ধরা পড়ে” উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরীক্ষায় অবতীর্ণ সব শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। একাধিকবার যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ নিশ্চিত হয়েই পরীক্ষার ফল যথাযথভাবে প্রকাশ করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২০২৪ ঘ.