২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসিতে আট বোর্ডের সেরা ৮

পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রতি বোর্ডের সেরা স্কুলগুলোর একটি তালিকা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রতি বোর্ডের সেরা স্কুলগুলোর একটি তালিকা করেছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, একটি স্কুলের নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠনের গড় জিপিএ বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে সেরা স্কুলের এই তালিকা। এই মানদণ্ড অনুযায়ী ৯২ দশমিক ৮৬ পয়েন্ট নিয়ে ঢাকা বোর্ডে শীর্ষে রয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩৩৯ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন। ৯১ পয়েন্ট নিয়ে রাজশাহী বোর্ডে শীর্ষে আছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার এ প্রতিষ্ঠান থেকে ৫৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। এবার জেএসসিতে কুমিল্লা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ফেনী গার্লস ক্যাডেট কলেজের স্কোর ৯১। এ প্রতিষ্ঠানের ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে। ৮৮ দশমিক ১১ পয়েন্ট পেয়ে যশোর বোর্ডের শীর্ষস্থান অর্জন করেছে মিলিটারি কলেজিয়েট স্কুল, ফুলতলা। ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। চট্টগ্রাম বোর্ডে জেএসসিতে সেরা ফল করা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদালয়ের স্কোর ৮৩ দশমিক ৭৮ পয়েন্ট। এই প্রতিষ্ঠানের ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। পাস করেছে শতভাগ ছাত্রী। ৮৫ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে সিলেট বোর্ডে শীর্ষে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরিশাল ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৮৭ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে বোর্ডের শীর্ষে রয়েছে। এ প্রতিষ্ঠানের ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২০ জন। ২২৯ জন জিপিএ-৫ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএমআর/জেকে/১৮২১ ঘ.