২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল ২৬ ডিসেম্বর

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার চট্টগ্রাম এল জি ই ডি ভবন মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষাবোর্ড আয়োজিত ‘জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। গণিত পরীক্ষার মধ্য দিয়ে গত ২৩ নভেম্বর সারা দেশে ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৩০ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন জানান, এ বছর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বছরের প্রথম দিন থেকে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। প্রত্যেক উপজেলায় বই পৌঁছে গেছে। “এর আগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৬ ডিসেম্বর এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে।” নাহিদ বলেন, শিক্ষানীতি ২০১০-এর সুপারিশের আলোকে ইতোমধ্যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। ২০১২ সালের ১ জানুয়ারি প্রায় ২৫ কোটি ২০ লাখ পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। ২০১০ সালে ১৯ কোটি এবং ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ বই শিক্ষার্থীদের দেওয়া হয়েছিলো। টাইম স্কেল মতবিনিময় সভার শুরুতে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের তুলে ধরা বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের জটিলতার কারণে শিক্ষকদের টাইম স্কেল বন্ধ রয়েছে। তবে জানুয়ারি থেকে শিক্ষকদের টাইম স্কেল আবার দেওয়া হবে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় বোর্ডের উপ-সচিব মাহবুব হাসান ‘জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন’-এর ওপর সূচনা বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে বোর্ডের সচিব অধ্যাপক নুরুল হুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. জ্যোতি প্রকাশ দত্ত, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, বিজয় সরণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/এমআই/২২২৫ ঘ.