চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- পেশার প্রতি দায়বদ্ধ থেকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার চট্টগ্রামে এক সেমিনারে শিক্ষকদের উদ্দেশ্যে নাহিদ বলেন, “আপনারা জাতির আদর্শ ও বিবেক। পেশার প্রতি দায়বদ্ধ থেকে নতুন প্রজন্মকে প্রস্তুত করুন।”
“শিক্ষকরা গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করবেন। আর এ আবিষ্কার পুরোজাতির কল্যাণের কাজে লাগবে”, বলেন তিনি।
দেশে মৌলিক আর্থসামাজিক পরিবর্তনের লক্ষে শিক্ষার্থী ও নতুন প্রজন্মকেই প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি আয়োজিত ‘সা¤প্রতিক বিশ্ব এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষানীতির বিষয়ে মন্ত্রী বলেন, দলীয় নয় জাতীয় মতামতের ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এবং তা সব মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, “সামনে আপনাদের বিরাট কর্তব্য রয়েছে। আপনারা শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন।”
চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বি করেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে চবি’র বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষক পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/২০২২ ঘ.
bdnews24