শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সব বিভাগের ফাইনাল পরীক্ষা ১০দিন স্থগিত করেছে কর্তৃপক্ষ।
তবে এ সময়ের মধ্যে ক্লাস ও টার্মটেস্ট অনুষ্ঠিত হবে বলে বুধবার জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত সহপাঠীদের মানসিক অবস্থা বিবেচনা করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপাচার্য তার সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক জরুরি সভা করেন। এতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে অপহৃত হন সিইপি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। পরদিন তাদের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মানববন্ধন
বিভাগের দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে আগামী শুক্রবার ঢাকায় মানববন্ধন করবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
ওইদিন বিকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ ও কালোব্যাজ ধারণ করা হবে বলে জানান অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য দেওয়ান নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত শাবির প্রাক্তণ শিক্ষার্থীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৬ ঘ.
bdnews24