ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মানের পরিবর্তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি’ অনুষদের প্রধান ফটক দেড়ঘণ্টা বন্ধ রেখেছে তিনটি বিভাগের শিক্ষার্থীরা।
ফলে মঙ্গলবার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ফলিত রসায়ন বিভাগের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর।
বিভাগগুলো হল ‘ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি’ অনুষদের অধীন ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্ছিনিয়ারিং; ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় এসব বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অনুষদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে শ্লোগান দিতে থাকে।
তারা প্রায় তিনঘণ্টা অনুষদ ভবনের সামনে অবস্থান করে।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, প্রক্টর ড. মাহবুবুর আরফিন, ছাত্র উপদেষ্টা ড. মেহের আলী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়।
এদিকে সকাল ৯টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ইয়ার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনুষদের ফটক বন্ধ থাকায় তা শুরু হয় দেড়ঘণ্টা পর।
ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে প্রায় তিনমাস ধরে অবস্থান ধর্মঘট, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও ক্লাশবর্জন কর্মসূচি পালন করে যাচ্ছে এই তিন বিভাগের শিক্ষার্থীরা। গত ১৮ অক্টোবর কর্তৃপক্ষ এক থেকে দেড়মাস সময় নেয় দাবি বাস্তবায়নের জন্য।
এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিজ্ঞান অনুষদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইবি ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে থেকে নির্দেশনা এলে আমরা কাজ চালিয়ে যাব।”
আগামী ১৭ ডিসেম্বর বিভাগীয় সভাপতি, শিক্ষার্থীর সঙ্গে এ বিষয়ে কর্তৃপক্ষের একটি বৈঠক হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২১ ঘ.
bdnews24