চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিােফার ডটকম)- একটি শাটল ট্রেন বিকল হয়ে পড়ায় রোববার আড়াই কিলোমিটার হেঁেট ক্যাম্পাসে যেতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে।
প্রায় আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ফতেয়াবাদ স্টেশন এলাকায় বিকল হয়ে যায়।
এরপর ফতেয়াবাদ স্টেশন চত্বর থেকে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক দূরবর্তী হওয়ায় রেললাইন ধরে হেঁটেই ক্যাম্পাসে পৌঁছান শিক্ষার্থীরা।
ওই শাটলের যাত্রী রনি দত্ত, খাদিজা আক্তার ও নুরুল আলম জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আমরা হেঁটে ক্যাম্পাসে যাই।
এতে ক্যাম্পাসে পৌঁছাতে দেরি হওয়ায় অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে পারেনি।
চবি সহকারী প্রক্টর জিয়াউর রহমান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকল ট্রেনটি মেরামতের পর দুপুরে সরিয়ে নেওয়া হয়েছে।
একটি ট্রেন বিকল হলেও পরবর্তী ট্রেনগুলোর চলাচল ব্যাহত হয়নি এল জানান তিনি।
নগরী থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়তে প্রতিদিন সাতটি শাটল ট্রেন চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৮৩৯ ঘ.
bdnews24