ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা না নিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং পরে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ১২ জন ভর্তিচ্ছুর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন ভর্তি পরীক্ষা বাতিল এবং আগের উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দেয় হাই কোর্ট।
গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়।
আগামী ৯ ডিসেম্বর নতুন ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫০ ঘ.
bdnews24