জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীর শাস্তি চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরের পাদদেশে এ মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনের পর তারা ছাত্রলীগকর্মী সৈকত ও শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে আবেদন করে।
তাদের অভিযোগ, বুধবার ইংরেজি বিভাগের ৩য় ব্যাচের ৬ষ্ঠ সেমেস্টারের ছাত্র রাহাত বিশ্ববিদ্যালয়ের উল্কা-১ বাসে উত্তর বাড্ডায় নিজের বাসায় যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বাবর গ্র“পের কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র সৈকত ও ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের ছাত্র শাকিল রাহাতের কাছে ১০০ টাকা চাঁদা দাবি করে। রাহাত ওই টাকা দিতে না চাইলে তাকে বেধড়ক মারপিট করা হয়।
আহত রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ক্যাম্পাসে আসার পর সকাল সাড়ে ৯টার দিকে তারা আবারো আমার বিভাগে গিয়ে এ বিষয়টি কাউকে না জানানোর জন্য আমাকে চাপ দেয়। কাউকে জানালে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা জেনেছি। খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও সিনিয়র যুগ্ম- আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, ছাত্রলীগ কর্মী সৈকত ও শাকিলের বিরদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩৪৫ ঘ.
bdnews24