চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ øাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৩২ শিক্ষার্থী।
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে এ ভর্তিযুদ্ধ। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।
এ বছর আটটি ইউনিটের অধীনে তিন হাজার ৮৭০ টি আসনের বিপরীতে ১ লাখ ২৩ হাজার ৪৪২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার প্রথমদিন সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদ (এ ইউনিট) এবং বেলা আড়াইটায় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জীববিজ্ঞান অনুষদ (এইচ ১, এইচ ২, এইচ ৩ ইউনিট) ও বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের (জি ইউনিট) ভর্তি পরীক্ষা।
২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় শিক্ষা (সি১ ইউনিট) এবং বেলা আড়াইটায় ব্যবসায় প্রশাসন অনুষদের (উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখা) (সি২, সি৩ ইউনিট ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কলা ও মানববিদ্যা অনুুষদ (বি১ ইউনিট) এবং ৩০ নভেম্বর সাড়ে ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি১, ডি২ ও ডি৩ ইউনিট) ও বেলা আড়াইটায় কলা ও মানববিদ্যা অনুষদের চারুকলা, নাট্যকলা, আরবি ও ইসলামিক স্টাডিজ এবং প্রাচ্যভাষার (বি২, বি৩, বি৪, বি৫ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেষ দিন ১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আইন অনুষদ (ই ইউনিট) ও বিকাল আড়াইটায় অনুষ্ঠিত হবে কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের (বি৬ ইউনিট) ভর্তি পরীক্ষা।
এবারই প্রথমবারের মতো নতুন চালু করা জীববিজ্ঞান অনুষদের অধীনে ফার্মেসি বিভাগ, বিজ্ঞান অনুষদের অধীনে ফলিত ও পরিবেশ রসায়ণ বিভাগ এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ফার্সিভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
নতুন তিনটি বিভাগসহ ২০১১-১২ শিক্ষাবর্ষে গত বছরের তুলনায় এবার চবিতে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে মোট ১৬৬টি।
২০১১-১২ শিক্ষাবর্ষে চবিতে ৩৮টি বিভাগ ও তিনটি ইনিস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৯১৪ ঘ.
bdnews24