২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী সাবেক শিক্ষার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হতে অনুরোধ জানিয়েছে আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী সাবেক শিক্ষার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হতে অনুরোধ জানিয়েছে আয়োজকরা। শুক্রবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে এক সাধারণ সভা শেষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন। আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ পুনর্মিলন উৎসব হবে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী শমশের রাসেলের পরিচালনায় এবং উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, খুরশীদ আলম হিটু, মকদ্দুস আলী, কামরুল ইসলাম, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুশান্ত দাশগুপ্ত প্রমুখ। আয়োজকরা জানান, পুনর্মিলনে অংশ নিতে প্রত্যেককে ১ হাজার টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। তবে দম্পতিদের ক্ষেত্রে নিবন্ধন ফি দেড় হাজার টাকা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত www.sustreunion2012.com - এই ওয়েব ঠিকানা থেকে ফরম ডাউনলোড করে নিবন্ধন করা যাবে। এর আগে গত ২৮ অক্টোবর সিলেটে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সুশান্ত দাশগুপ্তকে সদস্য সচিব করে আয়োজক কমিটি করা হয়। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ড. নাজিয়া চৌধুরী। ১৯৮৬ সালের ২৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এর প্রায় পাঁচ বছরের মাথায় ১৯৯১ সালের ১৪ ফেব্র"য়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৪০৬ ঘ.