২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, গোলাগুলি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি হলের ডাইনিং ব্যবস্থাপক নিয়োগ নিয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি হলের ডাইনিং ব্যবস্থাপক নিয়োগ নিয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। এ সময় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ও বোমার শব্দ শোনা যায়। সংঘর্ষ চলাকালে ওই হলের সামনে থাকা ছাত্রলীগের ব্যানার ও দু'টি মোটরসাইকেল ভাংচুর করে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২৪ রাউন্ড টিয়ার গ্যাস সেল এবং ১৮ রাউন্ড শটগানের গুলি ছুঁড়তে হয় বলে পুলিশ জানায়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিকালে লালন শাহ হলে তল্লাশি হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ নেতা জাপান, লেলিন, বকুল, সাগর, বেলাল, মেহেদী, তুর্কি, জুয়েল, রাসেল, এনামুল, শামীম, সুমন, ডন, জিয়াউর রহমান হলের শিবির সভাপতি মাসুম, সাব্বির, রেজোয়ান, জুবায়ের, ফরিদ, মনির, গোলাম ইয়াহিয়া, মোকাদ্দেস, ওলী, মোয়াজ্জেমসহ অন্তত ৩৫ জন। বাকিদের নাম জানা যায়নি। আহতদের কুষ্টিয়া, ঝিনাইদহ ও ইবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষার্থীরা জানায়, গত দু-তিন ধরে লালন শাহ হলের ডাইনিংয়ে নতুন ব্যবস্থাপক নিয়োগের প্রক্রিয়া চলছিলো। এনিয়ে দুপুর ১টার দিকে সরকারি দল সমর্থক ছাত্রলীগ ও জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। ২টার দিকে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট তৌফিক এলাহী, ছাত্র উপদেষ্ঠা ড. মেহের আলী, সহকারী প্রক্টর মো. মহব্বত হোসেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, শিবির নেতা আসাদুল্লাহসহ উভয় সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার জন্য প্রভোস্ট কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে বাইরে অবস্থানকারী ওই দুই সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এসময় শিবির সমর্থকরা ধাওয়া দিলে ছাত্রলীগ কর্মীরা হল ত্যাগ করে। তবে কিছুক্ষণ পর সংঘবদ্ধ হয়ে আবার তারা ক্যাম্পাসে ঢুকতে চাইলে আবারো শিবির হামলা করে। এ ভাবে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ প্রক্টোরিয়াল বডির কয়েকজন সদস্য ঘটনাস্থলে আসেন। পরে তারা অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েনের নির্দেন দেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মনির উদ্দিন মোল্লা বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ২৪ রাউন্ড টিয়ার গ্যাস সেল এবং ১৮ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে পুলিশ। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আকতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল ৫টা থেকে লালন শাহ হলে তল্লাশি চালানো হয়েছে। এসময় ২টি চাপাতি, ১টি ছোরা, ৪টি রড, ১০টি লাঠি উদ্ধার করা হয়। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। উপদেষ্টা ড. মেহের আলী বলেন, "ডাইনিং ব্যবস্থাপক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানে লালন শাহ হলের প্রভোস্ট অফিসে আলোচসায় বসি। এসময় হলের বাইরে অবস্থানকারী ছাত্রলীগ-শিবির নেতাকমীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।" বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা মুস্তফা জামাল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, "লালন শাহ হলে মিটিং চলাকালে শান্তিপূর্ণ অবস্থানে শিবির ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালিয়েছে। আমরা এর বিচার দাবি করছি।" শিবির সভাপতি মাঈনুল ইসলাম বলেন, "হলে ছাত্রলীগের ক্যাডাররা আমাদের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালালে আমরা তা প্রতিহত করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩০০ ঘ.