২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ২ কর্মীকে ঢাবির হল থেকে বহিষ্কার

এক শিক্ষার্থীকে মারধর ও হলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্রলীগের দুই কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষার্থীকে মারধর ও হলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্রলীগের দুই কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেদোয়ান উল্লাহ এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউফুল কামাল অনি। জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলে বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।" গত ২৮ জুলাই ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হলের আবাসিক ছাত্র রেজাউল করিমকে মারধর করে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরী সুমনের অনুসারী কয়েকজন ছাত্রলীগকর্মী। ওই ঘটনা তদন্তে পরে দুই সদস্যের একটি কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী রোববার রাতে ওই দুজনকে বহিষ্কারের পাশাপাশি অন্য তিন ছাত্রলীগ কর্মীকে হলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে প্রাধ্যক্ষ জানান। তারা হলেন- ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল ডাকুয়া, সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আরিফুল ইসলাম এবং ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. সোহানুর রহমান। আবাসিক বা দ্বৈতাবাসিক না হওয়া পর্যন্ত এ তিন জন হলে অবস্থান করতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএইচ/২০৩০ ঘ.