চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের করা এক লাখ ২৫ হাজার ৭৮টি আবেদনের মধ্যে এক লাখ ২২ হাজার ৯৪৮টি আবেদন গৃহীত হয়েছে।
চবি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "মঙ্গলবার পর্যন্ত এক লাখ ২২ হাজার ৯৪৮টি আবেদন চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে।
"বাকি ২১৩০ জন আবেদনকারীকে পিন নম্বর জানিয়ে পাঠানো এসএমএস এখনো তাদের কাছে পৌঁছেনি। বুধবারের মধ্যে এসব এসএমএস পৌঁছাবে। তখন আবেদনকারীদের তালিকা চূড়ান্ত হবে।"
চবিতে ভর্তি আবেদনের শেষ সময় ছিল ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
গত ৫ সেপ্টেম্বর থেকে চবি'র ছয়টি অনুষদের ৩৬টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটের ৩৮৩০টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করে।
পাশা বলেন, গৃহীত আবেদনের সংখ্যা গতবারের চেয়ে ১১ হাজার ৩৮৮টি বেশি।
গত শিক্ষাবর্ষে (২০১০- ২০১১) চবি'র ৩৫টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে মোট এক লাখ ১১ হাজার ৫৬০ জন আবেদন করেছিল।
২০১১-১২ শিক্ষাবর্ষে চবির ১২টি বিভাগে নতুন ১৩১টি আসন বৃদ্ধি পেয়েছে।
আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৮ অক্টোবর থেকে পরীক্ষার্থীরা আবেদনের পর পাওয়া পিন নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২০৫২ ঘ.
bdnews24