ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি খাতও সরকারের মনোযোগ পাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে।
ওই সাক্ষাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সরকারের মনোযোগের কথা তুলে ধরেন বলে তার প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
শিক্ষাকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থায়নের ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ শিক্ষিত হলে জাতির উন্নয়ন হবে।
আওয়ামী লীগের আগের সরকারের সময়ে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাস এবং এর মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয় কাজ শুরু করে।
প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে এই কার্যক্রম বন্ধ করে দেয়।"
১ হাজার কোটি টাকার শিক্ষা সহায়তা তহবিলের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা খাতে কেউ অনুদান দিলে তা করের আওতামুক্ত হবে।
মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
আলোচনা করে সমস্যাগুলোর সমাধানের সিদ্ধান্ত নেওয়ার কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।
বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24