সুনামগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক)- 'ক্যাচ বাংলাদেশ ক্যাচ' রোড শো অনুষ্ঠানে শিক্ষার্থীদের সড়কের পাশে দাঁড় করিয়ে রাখায় সুনামগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা ও নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না- ১০ দিনের মধ্যে বিবাদীদের এর কারণ জানাতে বলেছেন বিচারক।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ছাত্র নিলয় দাসের বাবা আইনজীবী নিবারণ চন্দ্র দাস সোমবার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ মামলা করেন। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কার্যক্রমে ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আবেদন করেন তিনি।
মামলায় জেলা প্রশাসক (ডিসি) ফয়জুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সালেহা বেগম ও শহরের ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তিনটি কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।
শুনানি শেষে বিচারক উৎপল চৌধুরী এ বিষয়ে আদেশ দেন।
এ ধরনের কার্যক্রমের ওপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না- বিবাদীদের ১০ দিনের মধ্যে তা জানাতে বলেন তিনি।
বাদীর পক্ষে শুনানি করেন আইনজীবী স্বপন কুমার দাস রায় ও হুমায়ূন কবীর।
মামলায় অভিযোগ করা হয়, আইসিসি বিশ্বকাপ উপলক্ষে গত ২৪ জানুয়ারি 'ক্যাচ বাংলাদেশ ক্যাচ' রোড শো অনুষ্ঠানে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা আকাশের নিচে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।
বাদী অভিযোগ করেন, ওই দিনের অনুষ্ঠানে তার ছেলে নিলয়কেও প্রচণ্ড রোদে সড়কে দাঁড়িয়ে থাকতে হয়। পরে নিলয় বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী দু'দিন সে পড়ালেখা করতে পারেনি।
এছাড়া বিভিন্ন্ সময় শিক্ষা কার্যক্রমের বাইরে নানা অনুষ্ঠান ও দিবস পালনের কথা বলে কিংবা ভিআইপি, ভিভিআইপি ব্যাক্তিদের বরণের নামে শিক্ষার্থীদের সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে আরজিতে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২২৩০ ঘ.
bdnews24