লালমনিরহাট, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণ দর্শাতে বলা হয়েছে।
রোববার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশীদ ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য প্রধান শিক্ষকসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষকের এমপিও বাতিলের জন্য কেন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে না- নোটিশে তার জবাব চাওয়া হয়েছে।
ইউএনও হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।"
যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ পাঠানো হয়েছে- জগতবেড় উচ্চ বিদ্যালয়, বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়, জোংরা ন্যাশনাল হাই স্কুল, কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চ বিদ্যালয়, মির্জারকোট হাজী মহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, ভান্ডারদহ জনতা হাই স্কুল, দহগ্রাম উচ্চ বিদ্যালয়, পানবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ধবলসতী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, ধবলগুড়ি হাই স্কুল, শ্রীরামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কালীরহাট উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয় এবং আলীমুদ্দিন সবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কাউয়ামারী বালিকা উচ্চবিদ্যালয়, ললিতারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয, জোংড়া জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় ও পাটগ্রাম পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
২০১০ সালের জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিলো ৭১ দশমিক ৩৪ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে পাটগ্রাম উপজেলায় পাসের হার মাত্র ৩৯ দশমিক ৬৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এএল
bdnews24