২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সংঘর্ষের পর চুয়েট বন্ধ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে সংঘর্ষের পর বিকালে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালের মধ্যে ছাত্রদের এবং শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।" রাউজান থানার ওসি অনু মং মারমা জানান, সকালের ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত চার জন আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন- চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুকিত ও সাজ্জাদ হোসেন, তড়িৎকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শির্ক্ষার্থী সবুজ। এদের মধ্যে গুরুতর আহত সাজ্জাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজলুর রহমান জানান, এক শিক্ষিকার 'ক্লাস বর্জন' নিয়ে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে তড়িৎ কৌশল বিভাগের এক ছাত্রকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে সকাল ১০ টায় দুই গ্রুপ ছাত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, দুই ঘণ্টাব্যাপী সংর্ঘষ চলাকালে ছাত্ররা শহীদ মোহাম্মদ শাহ হলের চারটি কক্ষ ভাংচুর এবং ওইসব কক্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সংঘর্ষে চার জন ছাত্র আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ জড়িত কি না- জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা বলেন, কয়েকজন ছাত্রের মধ্যে মতবিরোধ থেকে ঘটনার সূত্রপাত। পরে কেউ হয়তো কারো পক্ষ নিয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে জানতে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে ওসি অনু মং বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চুয়েট কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালের মধ্যে ছাত্রদের ও শনিবার সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে। এছাড়া পরীক্ষার পরিবর্তিত রুটিন পরবর্তিতে নোটিশ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। তবে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পূর্ব ঘোষণা অনুযায়ী অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/জেকে/এইচএ/২১১০ ঘ.