খুলনা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শনিবারের মধ্যে খুলনা মেডিকেল কলেজ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসকদের দুটি সংগঠন।
দাবি মানা না হলে তারা অনশন ও কর্মবিরতি শুরুর হুমকি দিয়েছেন।
বুধবার দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলা শাখা ও ইন্টার্নি চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আসগরের সঙ্গে মতবিনিময়ের সময় এ দাবি জানান।
অধ্যক্ষ তাদের দাবি বিবেচনা করবেন জানিয়ে কলেজে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সহযোগিতার অনুরোধ করেন।
গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা শনিবারের মধ্যে কলেজ খুলে দেওয়ার দাবি জানিয়ে কর্মবিরতি ও অনশন শুরুর হুমকি দিয়েছেন।"
এ বিষয়ে অধ্যক্ষ কাজী হামিদ আসগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।"
মামুনুর রশীদ জানান, মতবিনিময় সভায় ডা. জুয়েল কৃষ্ণ সুরকে লঞ্ছিত করার ঘটনায় যুবলীগ কর্মী মাসুদুর রহমানসহ বহিরাগতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ইন্টার্নি চিকিৎসক পরিষদ।
মঙ্গলবার ছাত্রলীগের দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে বুধবার সকালে হাসপাতালের সামনে যুবলীগ কর্মী মাসুদের সঙ্গে ডা. জুয়েলের কথা কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলার চেষ্টা হয়।
এ ঘটনায় ডা. জুয়েল সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোনাডাঙ্গা থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডা. জুয়েলকে ছুরিকাঘাত করতে গিয়েছিলেন মাসুদ। ঠেকাতে গেলে তার সঙ্গে থাকা আল আমিন নামে এক যুবক আহত হয়।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- স্বাধীনতা চিকৎসক পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সহ-সভাপতি ডা. ধীরাজ মোহন বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. মঈন উদ্দিন, ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সজীব বিশ্বাসসহ বেশ কিছু চিকিৎসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০০৯ ঘ.
bdnews24