পাবনা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার দিয়ারবাঘাইল গ্রামে রোববার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত স্বর্ণা খাতুন (১৫) দিয়ারবাঘাইল গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। একই গ্রামের এক যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্বর্ণাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
পুলিশ জানায়, স্বর্ণাকে রোববার রাত ১১টার দিকে ১০/১২ জনের একদল দুবৃৃত্ত অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। হাত পা ভেঙে এবং ডান চোখ উপড়ে ফেলে তার লাশ বাড়ি থেকে দূরে একটি মেহগনি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তারা।
সারারাত বাড়ির লোকজন স্বর্ণাকে খোঁজাখুজি করে পায়নি। সোমবার সকালে এক প্রতিবেশী স্বর্ণার ঝুলন্ত লাশ দেখতে পায়। স্বর্নার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
স্বর্ণার বাবা শহিদুল ইসলাম অভিযোগ করেন, একই গ্রামের পলান শেখের ছেলে আনোয়ার তার মেয়েকে বিয়ে করতে না পেরে হত্যা করেছে।
ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বর্ণার পরিবারের কথা শুনে মনে হচ্ছে হত্যাটি প্রেমঘটিত কারণে হয়েছে। তদন্তের পরই বিষয়টি জানা যাবে।
তিনি জানান, ময়না তদন্তের জন্য স্বর্ণার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24