২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে জোর দিলেন মন্ত্রী

প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

সিলেট, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। মঙ্গলবার দুপুরে সিলেট অডিটোরিয়ামে সিলেট জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সিলেট জেলায় ২০০৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) প্লাস পাওয়া ৪১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে একই ফল করা আরো ৪শ' ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। যে শিক্ষা দক্ষতা বাড়ায় না এবং বাস্তব জীবনে কোনো কাজে লাগে না সেটা অর্থহীন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার নতুন শিক্ষা নীতি প্রণয়ন করেছে। বর্তমান শিক্ষানীতি বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে। এ নীতি অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই এর সুফল শিক্ষার্থীরা ভোগ করতে পারবে। সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ মোল্লা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.