রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের উত্ত্যক্ত করা ও যৌন হয়রানির অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের কয়েকজন ছাত্র সোমবার ওই বিভাগের কয়েকজন খণ্ডকালীন শিক্ষক অমিতাভ চ্যাটার্জীর বিরুদ্ধে উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এছাড়া ওই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর বাবা উপাচার্যের কাছে এবং দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বিভাগের সভাপতি অধ্যাপক মলয় কুমার ভৌমিকের কাছে একই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অধ্যাপক মলয় কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে মঙ্গলবার বিভাগে জরুরি সভা আহ্বান করা হয়েছে। বিষয়টি উপাচার্য ও রেজিস্ট্রারকেও জানানো হয়েছে।"
উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।"
এ বিষয়ে কথা বলার জন্য অমিতাভ চ্যাটার্জীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তার বিরুদ্ধে লিখিতে অভিযোগে বলা হয়েছে, অমিতাভ চ্যাটার্জী দীর্ঘদিন ধরে ছাত্রীদের সরাসরি ও মোবাইল ফোনে 'কুপ্রস্তাব' দিয়ে আসছেন। এর প্রতিবাদ করলে তাদের শিক্ষাজীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করে ছাত্রীদের নিরাপত্তা চাওয়া হয়েছে।
অভিযোগকারী অভিভাবক বরিশালের এক কলেজ শিক্ষক জানান, তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই অমিতাভ চ্যাটার্জী তাকে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছে। বাধ্য হয়ে পাঁচ মাস আগে তার মেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে বাড়ি চলে যায়।
ওই শিক্ষকের অপসারণ দাবি করে নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা সোমবার বেলা ১২টার দিকে বিভাগের সামনে বিক্ষোভ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২০৫০ ঘ.
bdnews24