২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় এনজিওকে স্টল বরাদ্দের বিরোধিতা

একুশে বইমেলায় বেসরকারি সংস্থাকে (এনজিও) স্টল বরাদ্দ এবং তাদের প্রকাশনাকে সুযোগ দেওয়ার বিরোধিতা করেছেন কয়েকজন লেখক-প্রকাশক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলায় বেসরকারি সংস্থাকে (এনজিও) স্টল বরাদ্দ এবং তাদের প্রকাশনাকে সুযোগ দেওয়ার বিরোধিতা করেছেন কয়েকজন লেখক-প্রকাশক। সোমবার বিয়াম ফাউন্ডেশনে 'একুশে বইমেলা: কেমন দেখতে চাই' শীর্ষক এক আলোচনা সভায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বেসরকারি সংস্থা ও বিদেশি প্রকাশনা তাদের বই নিয়ে মেলায় আসে তাহলে আমাদের দেশি প্রকাশনার বাজার সীমিত হয়ে যাবে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বেসরকারি সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়ার সমর্থন করেন। তিনি বলেন, "সীমিত সংখ্যক বেসরকারি সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যাদের খুব ভালো প্রকাশনা তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে।" এছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলোকে স্টল বরাদ্দ দেওয়ারও প্রচণ্ড চাপ রয়েছে বলে জানান তিনি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ প্রকাশনা শিল্পে পেশাদারিত্ব আনতে বইয়ের প্রতিটি বিভাগে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। শুধু বছরের একটি মাসই বইমেলাকে ঘিরে এ উত্তেজনার বিষয়ে তিনি বলেন, "বিদেশিরা যখন আমাদের দেশে আসে তখন তারা অনেকেই জানে না কোথায় বই পাওয়া যায়। একটা সময় আজিজ মার্কেটে এ শিল্প বিকশিত হলেও এখন তা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁটাবন মার্কেটে এ শিল্পের জন্য আলাদা জায়গা গড়ে তোলার আহ্বান জানান সিরাজুল ইসলাম চৌধুরী। ছড়াকার লুৎফর রহমান রিটন এ প্রসঙ্গে বলেন, "এ মেলায় বেসরকারি সংস্থাকে যেভাবে প্রাধান্য দিয়ে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে তাতে মূল চেতনা থেকে সরে যাওয়া হচ্ছে।" এ মেলার পরিসর বৃদ্ধির জন্যে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ ঠিক রেখে সেখানেও মেলার বিস্তৃতির দাবি জানান তিনি। প্রকাশক ফরিদ আহমেদ বলেন, "বেসরকারি সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়ায় আমাদের স্টলের আয়তন কমে যাচ্ছে। ফলে পাঠকরা এখানে এসে পছন্দমতো বই নেড়ে দেখতে পারে না।" বাংলা ভাষায় 'সাপ্তাহিক' নামের সাপ্তাহিক একটি পত্রিকা এ বৈঠক আয়োজন করে। বৈঠকটি পরিচালনা করেন পত্রিকাটির সম্পাদক গোলাম মোর্তোজা। এতে আরো বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ, প্রকাশক রবিন আহসান, প্রকাশক মজিবর রহমান খোকা, সংস্কৃতি কর্মী হাসান আরিফ, বেলাল চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/পিডি/২০৩৬ ঘ.