চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অভ্যন্তরীন কোন্দলের কারণে ক্যাম্পাসে নতুন একটি সংগঠনের জন্ম হয়েছে।
সমিতির ক্ষুব্ধ সদস্যরা বৃহস্পতিবার দুপুরে এই নতুন সংগঠন গঠন করে।
এর নাম দেওয়া হয়েছে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রকাশ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে ১৯টি গণমাধ্যমের চবি প্রতিনিধির সমন্বয়ে এটি গঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংগঠন (চাকসু) ভবনে চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সমিতির বিক্ষুব্ধ সদস্যরা একই সময়ে একই স্থানে অনুষ্ঠানের আয়োজন করে এই 'প্রেসক্লাব' গঠন করে।
এ কারনে সমিতির নির্ধারিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। শনিবার সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল।
নবগঠিত প্রেসক্লাবের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি মনিরুল সোহাগ ও যায়যায়দিনের প্রতিনিধি সাদিক রহমানকে।
কমিটির অন্য সদস্যরা হলো সহ-সভাপতি দি ইন্ডিপেন্ডেন্টের রাহাত আল রাফি, যুগ্ম সম্পাদক ডেইলি স্টারের সাহাদাত হোসেন, দপ্তর-প্রকাশনা ও প্রচার সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তাবারুল হক, অর্থ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আইএনবি এর এস এম আলাউদ্দিন ও নির্বাহী সদস্য দৈনিক প্রথম আলোর ইসহাক নয়ন।
চবি প্রেসক্লাব গঠন প্রসঙ্গে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি ইলিয়াছ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমিতি ও এর নেতাদের কর্মকাণ্ডের বিষয়ে কোন অভিযোগ থাকলে তারা সেটা আমাদের বলতে পারতো। আমরা নিয়মতান্ত্রিকভাবে জবাবদিহি করতে পারতাম।"
নবগঠিত প্রেসক্লাবের সভাপতি মনিরুল সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চবি সাংবাদিক সমিতিকে প্রতিক্রিয়াশীলদের আস্তানা বানানো হয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসীদের নিয়ে নতুন এই সংগঠন গঠন করা হয়েছে।
চবি সাংবাদিকদের নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রুহুল আমিন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকসমাজ (হলুদ দল) এর আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান হোসেন, পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হেলাল উদ্দিন নিজামী, চবি ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা।
উল্লেখ্য, চবি সাংবাদিক সমিতির বর্তমান সদস্য সংখ্যা ২৬ জন।
সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে বলে জানান ইলিয়াছ সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমসি/কেএমএস/১৯০২ ঘ.
bdnews24