ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় যারা দু'বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা শর্তসাপেক্ষে এবার নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে।
তবে দু'বিষয়ে অনুত্তীর্ণ ওই পরীক্ষার্থীদের ২০১১ সালের ১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আর অনুত্তীর্ণ হলে তাদের ভর্তি বাতিল করা হবে। তাদের আবার অষ্টম শ্রেণীতে পড়ালেখা করতে হবে। ২০১১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদের নবম শ্রেণীর নিবন্ধন দেয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
এ সুযোগ শুধু ২০১০ সালের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থীরা পাবেন। পরবর্তী বছরগুলোর পরীক্ষার্থীরা পাবেন না। এ শিক্ষার্থীরা কোন অবস্থাতেই বোর্ড পরিবর্তন করতে পারবে না।
২০১০ সালে প্রথমবারের মতো জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ লাখ ৯৬ হাজার ৫৯৯ জন। এ পরীক্ষায় পাসের হার ছিলো ৭৩ দশমিক ০৪ শতাংশ।
শিক্ষামন্ত্রী বলেন, "যারা শুধু দু'বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের এবারের জন্যই নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হলো। এরপর আর এ সুযোগ দেওয়া হবে না।"
যেসব শিক্ষা প্রতিষ্ঠান এ পরীক্ষায় আশানুরূপ ফল অর্জন করতে পারেনি তাদের সতর্ক করে পরবর্তীতে ফল ভালো করার পদক্ষেপ নিতে বলেন।
নুরুল ইসলাম জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দু'বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানেই নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে। নিু মাধ্যমিক ও অননুমোদিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বোর্ড অনুমোদিত যে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০১০ সালে দু'বিষয়ের বেশি বিষয়ে যারা অকৃতকার্য তাদের আবারো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে হবে।
তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০১১ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারা অকৃতকার্য হওয়া ওই তিন বিষয়ে বা সব বিষয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
জেএসসি পরীক্ষায় শুধু ইংরেজি ও গণিতে দু' বিষয়ে প্রায় তিন লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মোট অকৃতকার্য হয়েছে তিন লাখ ৭৬ হাজার জন শিক্ষার্থী। বিষয় ভিত্তিক এ পরীক্ষায় ইংরেজিতে এক লাখ ৭৫ হাজার ১৪৬ জন, গণিতে দু' লাখ সাত হাজার ৭৭২ জন এবং সাধারণ বিজ্ঞানে ৫৮ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
জেডিসি পরীক্ষায় সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে আরবিতে। এতে ১৮ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে ১৫ হাজার ৪০৮ জন, গণিতে ১৩ হাজার ২৩ জন এবং সাধারণ বিজ্ঞানে ১২ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন জানান, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার আগে নতুন করে ওই বিষয়ে পরীক্ষার জন্য নিবন্ধন করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, যুগ্ম সচিব (মাধ্যমিক) খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯০৭ ঘ.
bdnews24