রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পাঁচটি বিভাগ খোলা হবে। এছাড়া ছাত্রদের একটি ও ছাত্রীদের জন্য দুইটি আবাসিক হল নির্মাণ করা হবে।
শনিবার দুপুরে রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান তাদের এ তথ্য জানান।
উপাচার্যের দপ্তরে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- রাবিসাস'র নতুন কমিটির সভাপতি মামুন কাইউম, সম্পাদক এএম জাহিদ, বিদায়ী সভাপতি ইসমাইল হোসেনসহ সদস্যরা।
এ সময় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র এবং প্রক্টর চৌধুরী মো. জাকারিয়াও উপস্থিত ছিলেন।
উপাচার্য তাদের বলেন, নতুন খোলা হবে- মাইক্রোবায়োলজি, সয়েল সায়েন্স, বিজনেস অ্যান্ড ট্রেড ল, হর্টিকালচার ও ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ।
তিনি আরো জানান, বরেন্দ্র গবেষণা জাদুঘরের একশ' বছর পূর্তি উৎসব উপলক্ষে আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আসবেন বলে আশা করা হচ্ছে। ওই সময় প্রধানমন্ত্রী নতুন আবাসিক হলগুলোর ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করবেন।
ইতোমধ্যে হলগুলোর জন্য স্থান নির্বাচনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24