মাদারীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের এক ছাত্রকে হত্যার প্রতিবাদে তার সহপাঠিরা ক্লাস বর্জন করেছে।
কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র সালাউদ্দিন আহমেদ রাসেলকে গত ২ জানুয়ারি শরীয়তপুর জেলার রুদ্রকর এলাকায় খুন করে সন্ত্রাসীরা।
এর প্রতিবাদ এবং খুনিদের শাস্তির দাবিতে শনিবার কলেজের সব বিভাগের শিক্ষার্থী ক্লাস বর্জন করে বলে কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কলেজের অধ্যক্ষ মো. দানেশ মিয়া বলেন, "রাসেল আমাদের কলেজের একজন মেধাবী ছাত্র ছিলো। তার হত্যার আমরাও তীব্র নিন্দা ও খুনিদের শাস্তি দাবি করছি।"
শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলেও কলেজের অন্য সব কার্যক্রম যথারীতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24