জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের সহায়ক পাঠ্যপুস্তকের তালিকা চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার। এ লক্ষ্যে গঠিত কমিটি ইতোমধ্যে চারটি বই চূড়ান্ত করেছে।
এ বছর প্রতিটি বিষয়ের জন্য তিনটি করে সহায়ক পাঠ্যবই অনুমোদন দেওয়া হবে। এর ফলে কোনো একটি বইয়ের একচেটিয়া বিক্রির সুযোগ থাকছে না। অনুমোদিত এসব বইই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রেফারেন্স বই হিসেবে দিতে হবে। শিক্ষার্থীরা এর মধ্য থেকে তাদের পছন্দমতো একটি বই কিনে নেবে।
সহায়ক পাঠ্যপুস্তক চূড়ান্ত করার জন্য গঠিত ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল ইভ্যালিউয়েশন কমিটির (আইটেক) তিনটি বিশেষজ্ঞ সাব-কমিটির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক আবুল কাশেম মিয়া।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নোমানুর রশীদকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা সাতজন।
অধ্যাপক আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর প্রতিটি বিষয়ের জন্য সর্বোচ্চ তিনটি করে সহায়ক পুস্তক অনুমোদন দেওয়া হবে। যেমন, বাংলা ব্যাকরণের জন্য তিনটি বই অনুমোদন দেওয়া হবে। তবে, এর সবগুলোই যে পড়তে হবে তা নয়। বরং শিক্ষার্থীরা এর মধ্য থেকে নিজের পছন্দের বইটি বেছে নেবে।
তিনি বলেন, এ পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত চারটি বই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সবগুলো বই চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে। এ চারটি বই পরিমার্জন ও সংস্কার ছাড়াই চূড়ান্ত করা হয়।
অনুমোদনের জন্য প্রাথমিক পর্যায়ে মোট ৮৭ টি সহায়ক পাঠ্যবই আইটেক কমিটির কাছে জমা পড়ে। এর মধ্যে ২৩ টি বইয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী বক্তব্য থাকায় প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়ে। বাকি ৬৪ টি বই থেকে পরিমার্জন, সংশোধন ও পরিবর্ধন সাপেক্ষে চূড়ান্ত তালিকা করা হবে।
বিশেষজ্ঞ শ্রেণী শিক্ষক, বিষয় বিশেষজ্ঞ এবং কারিকুলাম বিশেষজ্ঞদের যাচাই-বাছাই শেষে এসব বইয়ের দাম নির্ধারণ করবে এনসিটিবি। এরপর গেজেট আকারে চূড়ান্ত বইয়ের তালিকা প্রকাশ করা হবে। এরপর বই ছাপার কাজ শুরু হবে।
সহায়ক পাঠ্যবইয়ের তালিকা চূড়ান্ত হলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট দু' কোটি ১৮ লাখ কপি বই ছাপা হবে।
এনসিটিবি অনুমোদিত সহায়ক পাঠ্যপুস্তকই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুসরণের নিয়ম রয়েছে। চূড়ান্ত হওয়া চারটি বইয়ের মধ্যে ষষ্ঠ শ্রেণীর একটি, সপ্তম শ্রেণীর একটি, অষ্টম শ্রেণীর র্যাপিড রিডার এবং নবম শ্রেণীর একটি ব্যাকরণ বই রয়েছে।
বাকি ৬৪ টি বইয়ের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাংলা ব্যাকরণের বই ২৪ টি, ইংরেজী ব্যাকরণ ৩০ টি এবং র্যাপিড রিডার ৬ টি।
বৃহস্পতিবার এসব বই থেকে সহায়ক পাঠ্যপুস্তকের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24