২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রতি আসনে ৩১ পরীক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৩১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 04:40 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৩১ জন। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব আকম ফজলুল হক পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মোট এক লাখ ১১ হাজার পাঁচশ ৬০ জন শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে। এর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউট মিলে মোট আসন রয়েছে ৩ হাজার ৬ শ ৬০ টি। এর মধ্যে আইন অনুষদে আসন প্রতি সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অনুষদে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবে একশ চারজন। অনুষদটির একশ ২৯টি আসনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার তিনশ ২৩ জন। বাণিজ্য অনুষদের পাঁচশ নয়টি আসনের জন্য ২৫ হাজার ৩৬টি, ফিজিক্যাল সায়েন্স অনুষদে ছয়শ' ২৪টি আসনে ১৩ হাজার তিনশ ৫৬টি, কলা অনুষদের (চারুকলা ইন্সটিটিউটসহ) নয়শ ৯৬টি আসনে ২৪ হাজার চারশ ৩৩টি, সমাজবিজ্ঞান অনুষদের সাতশ ৬৯টি আসনে ২১ হাজার ছয়শ নয়টি, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ৪৫টি আসনে এক হাজার ৪৫টি, ইন্সটিটিউট অব মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজে ৫৫টি আসনে দুই হাজার তিনশ ৪০টি এবং জীববিজ্ঞান অনুষদের চারশ' ১৯টি আসনের বিপরীতে ১০ হাজার তিনশ' ৭৭টি আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ বছরই প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন সংগ্রহ করা হয়। আগামী ৭ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হয়ে তা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এএনএস/পিডি/১০০৬ ঘ.