কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার সকাল আটটার দিকে ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগতদের প্রবেশে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্যও বলা হয়।
এছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশও নিষিদ্ধ করা কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ নিয়ে সোমবার ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ২৫ জন আহত হওয়ার পর প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
প্রক্টর মাহবুবুল আরফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
এদিকে সংঘর্ষের ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ইবি শাখা ছাত্রদল। সোমবারে ওই ঘটনার পর ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ডাকে ছাত্রদল।
পরে রাত ১১টার দিকে প্রশাসনের সঙ্গে এক সমঝোতা বৈঠক শেষে তারা এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
ছাত্রদল সভাপতি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে ছাত্রদলের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করাসহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিচারের আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট স্থগিত করেছি।"
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. রেজওয়ানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে পরিবহন ব্যবস্থা চালু রয়েছে।"
ইবি থানার ওসি মিজানুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে আমরা সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৯০০ ঘ.
bdnews24