ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি প্রক্রিয়া সোমবার শুরু হয়েছে। এবার ভর্তির ফরম বিতরণ ও জমা নেওয়ার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত একটানা ফরম বিতরণ চলবে বলে বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আগামী ৫ নভেম্বর 'ক' ইউনিট, ২৯ অক্টোবর 'খ' ইউনিট, ২৬ নভেম্বর 'গ' ইউনিট, ৩ ডিসেম্বর 'ঘ' ইউনিট এবং ১০ ডিসেম্বর 'চ' ইউনিটের পরীক্ষা হবে।
শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইট admission.univdhaka.edu তে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করে পে-ইন স্লিপ ডাউনলোডের পর সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন।
এক্ষেত্রে ফরমের দাম ৩০০ টাকা এবং ব্যাংক মাসুল হিসেবে ২০ টাকাসহ মোট ৩২০ টাকা জমা দিতে হবে।
টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের প্রবেশপত্র লিংকে স্ক্যানিং করা ছবি সংযুক্ত করবেন। এরপর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
উপ-নিবন্ধক মনিরুজ্জামান আরো জানান, ভর্তির ফরম তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে হটলাইনে যোগাযোগ করতে পারবেন। এর নম্বর হলো ৯৬৬৯৯৩৪।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত ১২টা থেকে অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৬ ঘ.
bdnews24