২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ থেকে মাধ্যমিকে নতুন সিলেবাস

পাঠ্যসূচি যুগোপযোগী করে ২০১২ সাল থেকে নতুন পাঠ্যসূচির আওতায় মাধ্যমিক স্তরের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 11:12 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যসূচি যুগোপযোগী করে ২০১২ সাল থেকে নতুন পাঠ্যসূচির আওতায় মাধ্যমিক স্তরের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ২০১১ সালের জুন মাসের মধ্যে পাঠ্যসূচি প্রণয়ন ও তা বই আকারে ছাপানোর কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আয়োজিত 'মাধ্যমিক শিক্ষাক্রম উন্নয়ন' শীর্ষক এক কর্মশালায় তিনি বলেন, "শিক্ষার্থীদের বোঝা নয় বরং তাদের আগ্রহের ইস্যু হতে পারে এমন বাস্তব ও জীবনমুখী যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে।" প্রচলিত সিলেবাস অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করে তিনি বলেন, "সিলেবাস শিক্ষার মূল নির্যাস। শিক্ষার্থীদের বোধগম্য করে তাদের মতামত নিয়ে নতুন পাঠ্যসূচিতে জীবনমুখী বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে।" সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের (এসইএসডিপি) অধীনে নায়েম ভবন মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। নাহিদ বলেন, "২০১১ সালের জুনের মধ্যে নতুন সিলেবাসে বই ছাপার কাজ শেষ করে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে হবে।" ২০১১ সালের মধ্যে প্রচলিত শিক্ষাক্রম পরিবর্তন, পরিমার্জন করে নতুন জীবনমুখী পাঠ্যসূচি প্রণয়নের কাজ শেষ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। তিনি নারীর প্রতি ছেলেদের সহিংস দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, তথ্য আইন, মানবাধিকার আইন, স্বাস্থ্য সচেতনতা, জঙ্গিবাদ, ক্রীড়াচর্চা প্রভৃতি সিলেবাসে অর্ন্তভুক্ত করার অনুরোধ জানান। শিক্ষামন্ত্রী শিক্ষকদের রক্ষণশীল মানসিকতা পরিবর্তন করে যুগোপযোগী শিক্ষা দেওয়ার আহ্বান জানান। কর্মশালায় 'মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম মূল্যায়ন ও চাহিদা নিরূপন সমীক্ষা' শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন এসসিটিবির শিক্ষাক্রম বিশেষজ্ঞ ড. উত্তম কুমার দাস। এ গবেষণার ফলাফলে প্রাপ্ত তথ্যে দেখানো হয়, প্রচলিত শিক্ষাক্রম জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্র্রেক্ষিতে ৯৫ শতাংশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর চাহিদা পূরণে সক্ষম নয়। এতে আরো প্রকাশ পায়, শিক্ষার্থীর চাহিদা পূরণ করতে পারে না ৫৪ দশমিক ৫০ শতাংশ কলেজের শিক্ষক এবং ৯৬ শতাংশ অভিভাবক। উত্তম কুমার দাস তার সমীক্ষায় মাধ্যমিকে নবম-দশম শ্রেণীতে একক ধারার শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিকে সাধারণ, মাদ্রাসা ও কারিগরী এ তিনটি শিক্ষা ব্যবস্থায় সমন্বিতভাবে কতগুলো অভিন্ন বিষয় পড়ানোর সুপারিশ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. নোমান উর রশীদ। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান ২০১২ সালে নতুন পাঠ্যসূচিতে শিক্ষা কার্যক্রম শুরুর জন্য এখন থেকেই ৬ মাস ব্যাপী একটি 'অ্যাকশন প্ল্যান' গ্রহণের পরামর্শ দেন। সংসদ সদস্য নাজমা আক্তার বলেন, শুধু গবেষণার পেছনে লাখ লাখ টাকা ব্যয় না করে তা বাস্তবায়নের দিকে গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের জন্য বোধগম্য একটি সিলেবাস প্রণয়নের আহ্বান জানান তিনি । কর্মশালায় আরো বক্তব্য রাখেন এনসিটিবি'র চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তফা কামালউদ্দিন, এসইএসডিপি'র পরিচালক রতন কুমার রায়, এনসিটিবির সদস্য অধ্যাপক তাহেরা আক্তার জাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৭১১ ঘ.