ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় একদিনে দুটি করে পরীক্ষা নেওয়ার সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
বিরোধী দল সমর্থক শিক্ষকদের ওই সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, জেএসসি পরীক্ষার রুটিনে একদিনে দুই বেলায় দুটি পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি হবে। এছাড়া একদিনে দুটি পরীক্ষা হলে পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ প্রস্তুতির সময়ও পাবে না।
জেএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে সূচি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ঐক্যৗজোট।
আগামী ৪ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে। একই দিনে শুরু হচ্ছে মাদ্রাসা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। তবে জেডিসিতে একদিনে একটি পরীক্ষাই হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24