২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস পর খুলেছে চবি

দেড় মাস বন্ধ থাকার পর শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 08:00 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাস বন্ধ থাকার পর শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলেছে। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অনেক বিভাগে ক্লাস হয়নি। তবে বিভিন্ন বিভাগের নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে সকাল ১০ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা চাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। 'বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ'-এর আহ্বায়ক তবারেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সকালে ক্লাসে না গিয়ে মিছিলে এসেছে বলে তিনি দাবি করেন। এর আগে সকালে শহর থেকে নির্ধারিত সবগুলো শাটল ট্রেন নগরী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে এতে শিক্ষার্থীর সংখ্যা ছিল তুলনামূলক কম। চবি'র সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ছুটির পর প্রথম দিন হওয়ায় ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল।" তিনি জানান, ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ২ অগাস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/কেএমএস/১৩৫১ ঘ.