২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত বেতন-ফি: শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় চবি প্রশাসন

বর্ধিত বেতন-ফি প্রত্যাহারে শিক্ষার্থীদের আন্দোলনের প্রায় দেড় মাস পর তাদের সঙ্গে রোববার বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 03:24 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত বেতন-ফি প্রত্যাহারে শিক্ষার্থীদের আন্দোলনের প্রায় দেড় মাস পর তাদের সঙ্গে রোববার বৈঠক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ^বিদ্যালয় শিক্ষক ক্লাবে (ক্যাম্পাস) আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তাতে দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে কোন সমঝোতা হয়নি। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত ২ অগাস্ট বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন ও ভাঙচুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছিল বলে সেসময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চবি উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ। রোববারের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাড়াও চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী, সোহরাওয়ার্দী হলের প্রভোষ্ট ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ এফ ইমাম আলি উপস্থিত ছিলেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তবারক হোসেন, মাহমুদুল হাসান রনি, বেলাল হোসেন, রুচি ভট্টাচার্য, সুবর্ণা ধর, সুজন আহমেদ, আফরিন ফেরদৌসি, মোস্তফা কামালসহ ১২ জন উপস্থিত ছিলেন। বৈঠক বিষয়ে চবি প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের সৌহার্দ্যর্পূর্ণ আলোচনা হয়েছে। আমরা তাদের দাবিগুলো শুনেছি। প্রশাসনের উচ্চপর্যায়ে সেগুলো উত্থাপন করা হবে বলে আন্দোলনকারীদের আশ্বাস দেয়া হয়েছে।" বর্ধিত বেতন-ফিবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দের আহ্বায়ক তবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দোলনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কথা শুনতে চায়নি। তিনি বলেন, "আন্দোলনের শুরুর দিকেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় বসলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হতো না। আন্দোলন ও ভাংচুরে যে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা একটি বৈঠক দিয়েই এড়ানো যেত।" তবারক বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" বৈঠক প্রসঙ্গে চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা অনেক পরে হলেও তা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/২১১৮ ঘ.