২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি: 'আর কোনো নাসিম যেন লাশ না হয়'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের দোতলা থেকে ফেলে দেওয়া ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ্ নাসিমের জানাজা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:12 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের দোতলা থেকে ফেলে দেওয়া ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ্ নাসিমের জানাজা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিকাল পাঁচটার দিকে নাসিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নাসিমের জানাজা হয়। জানাজা শেষে নাসিমের বাবা মোসলেম উদ্দিন বলেন, "আমি আর আমার ছেলেকে ফিরিয়ে পাব না। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, আর কোনো নাসিম যেন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে লাশ হয়ে বাড়ি না ফেরে।" বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মল্লিকপুর চকনারন্দ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাসিমকে দাফন করা হবে। ইফতারির টোকেন ভাগাভাগির জের ধরে গত ১৫ আগস্ট এসএম হলে নাসিমকে সদ্য কার্যক্রম স্থগিত করা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবিরের সমর্থকরা হাতুড়ি, লোহার রড দিয়ে মারধর করে দোতলা থেকে নিচে ফেলে দেয়। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আটদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকালে তিনি মারা যান। নাসিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন এসএম হলের ২৫৫ নম্বর কক্ষে। জানাজায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য এম নুরুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩১০ঘ.