ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো ব্যাজ ধারণ, ক্লাস বর্জন ও আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সোমবার 'কালো দিবস' পালন করেছেন।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের এই দিনে সেনা-পুলিশের হাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নির্যাতনের ঘটনা স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ দিবসটিকে 'কালো দিবস' হিসেবে পালন করে আসছে।
এ বছর কালো ব্যাজ ধারণের পাশাপাশি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় ছাত্র শিক্ষক মিলনায়তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অগাস্টের ওই ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর হামলায় একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপর ক্যান্টনমেন্টের আধিপত্য নিরঙ্কুশ করতে এই হামলা চালানো হয়েছে।"
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সংসদীয় উপ-কমিটি দায়ীদের চিহ্নিত করবে বলেও জানান মেনন।
ওই সময় গ্রেপ্তার ও নির্যাতনের শিকার শিক্ষক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, "অগাস্টের ঘটনাটি তৎকালীন অগণতান্ত্রিক সেনা সমর্থিত সরকারের গভীর ষড়যন্ত্রের ফল।"
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের নাম প্রকাশ ও শাস্তি দাবি করেন।
অগাস্টের ওই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী চঞ্চল কর্মকার ছাত্র বিক্ষোভের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি 'কালো স্তম্ভ' নির্মাণের দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, আওয়ামী লীগ সমর্থক শিক্ষক সংগঠন নীল দলের আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, নির্যাতিত ছাত্র জাহেদুল ইসলাম বিপ্লব, হাফিজুর রহমান সজল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলী আকবর, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আমিরুল ইসলাম, কারিগরী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি বুলু মিয়া বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০ টায় অপরাজেয় বাংলার পাদদেশে 'নির্যাতনবিরোধী শিক্ষক সমাজের' ব্যানারে এক সভার আয়োজন করা হয়।
সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সামাদ এতে সভাপতিত্ব করেন। অগাস্টের আন্দোলনে সক্রিয় এবং বিভিন্নভাবে নির্যাতিত শিক্ষক-শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
২০০৭ সালের ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেনা সদস্যদের হাতে এক ছাত্র আহত হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিশ্ববিদ্যালয়। এর জের ধরে ২০ ও ২১ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। ওই বিক্ষোভ রাজধানীর বিভিন্ন স্থান এবং ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ অগাস্ট থেকে ছয় বিভাগীয় শহরে কারফিউ জারি করা হয়। ২৩ অগাস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসা থেকে আটক করা হয় দুই শিক্ষককে। পরে আরো দুই শিক্ষককে আটক করা হয়।
ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে সরকার সব মামলা প্রত্যাহার করে নেয়।
দায়ীদের চিহ্নিত করতে গত ১৯ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়।
স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন চার সদস্যের ওই উপ-কমিটির আহবায়ক। অন্য তিন সদস্য হলেন- মির্জা আজম, বীরেন শিকদার ও মো. শাহ আলম।
আগামী দুই মাসের মধ্যে ওই কমিটি প্রতিবেদন জমা দেবে।
কমিটি গঠনের পর রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চূড়ান্ত প্রতিবেদনে ঘটনার জন্য দায়ীদের শাস্তি বিধানের সুপারিশ থাকবে এবং তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এএনএস/এইচএ/২০২৩ ঘ.
bdnews24