ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ছাত্র বিক্ষোভ দিবস' উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
ছাত্র রাজনীতির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার এবং ডাকসু, রাকসু ও চাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান ছাত্রফ্রন্ট সভাপতি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন কবির আতিক।
২০০৭ সালের ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেনা সদস্যদের হাতে এক ছাত্র আহত হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিশ্ববিদ্যালয়। এর জের ধরে ২০ ও ২১ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। দেশের বেশ কয়েকটি স্থানেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ অগাস্ট থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। ২৩ অগাস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবন থেকে আটক করা হয় দুই শিক্ষককে। পরে আরো দুই শিক্ষককে আটক করা হয়।
ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়।
সে দিনের ওই ঘটনা স্মরণে ২৩ অগাস্টকে কালো দিবস হিসেবে পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২০২৮ ঘ.
bdnews24