ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত বিবিএ শিক্ষার্থীদের পরীক্ষার ফল ইউজিসি গ্রেডিং পদ্ধতিতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খানে শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "অনুষদের বিবিএ ১১তম ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গ্রেডিং পদ্ধতি অনুযায়ী দেয়া হবে।"
এর আগে ইউজিসি গ্রেডিং পদ্ধতি অনুযায়ী ফল প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ ১১তম ব্যাচের শিক্ষার্থীরা দিনের বেলা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানায়, অনুষদের বিবিএ ১১তম ব্যাচ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রেডিং পদ্ধতি কার্যকর রয়েছে। ইউজিসি ওই পদ্ধতির অনুমোদনও দিয়েছে। তবে ১২তম ব্যাচ থেকে তারা নতুন গ্রেডিং পদ্ধতি দিয়েছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের প্রধান ফটক আটকে শতাধিক শিক্ষার্থী শনিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে। তারা ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খানের সঙ্গে বৈঠকে করেন।
বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে বের হয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, "ভাংচুর করে দাবি আদায় করা যায় না। তোমাদের দাবি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।"
এরপর তিনি অনুষদ থেকে বের হয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা গেট খুলে দেয়। উপাচার্য বের হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডিন আব্বাস আলী খানকে অবরুদ্ধ করে রাখে।
দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান তাকে উদ্ধার করে উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান। সেখানে ডিন, উপাচার্য ও শিক্ষার্থীদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত সিদ্ধান্ত সম্পর্কে সংশ্লিষ্টরা তখন সাংবাদিকদের কিছু জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাকরির বাজারে পুরানো গ্রেডিং পদ্ধতির ফল কোনো কাজে আসছে না। সবাই নতুন পদ্ধতিতে পাস করা লোক চাইছে। আমরা চাই আমাদের ফল নতুন পদ্ধতি অনুযায়ী প্রকাশ করা হোক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/এমইউএস/পিডি/২০২২ ঘ.
bdnews24