ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।
সেমিনার ফি, উন্নয়ন ফি, পরিবহন ফিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের ২৮ টি বিভাগের প্রায় ১০০০ শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নেয়। পরে তারা উপাচার্যের কাছে স্মারক লিপি দেয়।
শিক্ষার্থীদের দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।"
তবে শিক্ষার্থীরা জানিয়েছে, ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা ক্লাশ বর্জনের সিদ্ধান্তে অনড় থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৫৩১ ঘ.
bdnews24