২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির আন্দোলনের সমর্থনে মানববন্ধন-সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ও ফি প্রত্যাহার দাবির আন্দোলন সমর্থন করে মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ও ফি প্রত্যাহার দাবির আন্দোলন সমর্থন করে মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন ও সমাবেশে যোগ দেয় অন্তত দুই শতাধিক সাবেক শিক্ষার্থী। সমাবেশে বক্তারা অবিলম্বে বর্ধিত বেতন ও ফি কমানো, শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা-নির্যাতনের তদন্ত, বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ সকল নিপীড়নমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 'দায়িত্বহীন' ও 'অযোগ্য' আখ্যা দিয়ে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ ও প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন এর পদত্যাগও দাবি করেন। একই দাবিতে শনিবার শহীদ মিনার চত্বর থেকে কালো পতাকা মিছিল এবং ২০ অগাস্ট বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম কলেজ শিক্ষক সমিতির নেতা উত্তম চৌধুরী, সমাজ সমীক্ষা কেন্দ্রের শিহাব চৌধুরী বিপ্লব, প্রমা আবৃত্তি সংগঠনের রাশেদ হাসান প্রমুখ। বর্ধিত বেতন ও ফি কমানোর দাবিতে ২৬ জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। ২ অগাস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। এ ঘটনায় দুটি মামলা গ্রেপ্তার করা হয় ৫৪ জনকে। ওইদিনই বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/১৯০৯ ঘ.