চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বর্ধিত বেতন ফি প্রত্যাহার, এক শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ- এই তিন দফা দাবি তিনদিনের মধ্যে পূরণের জন্য উপাচার্যকে স্বারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা।
এ সময়ের মধ্যে দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে তারা।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় দুই হাজার শিক্ষার্থী সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি ছয়টি অনুষদ প্রদক্ষিণ শেষে অগ্রণী ব্যাংক ঘেরাও করে। এরপর তারা উপাচার্য ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। এতে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন।
বিক্ষোভের কারণে অধিকাংশ ক্লাস হয়নি। প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হয়। ব্যাংক ঘেরাওয়ের ফলে ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত ফি জমাও বন্ধ ছিলো।
দুপুর দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্ত্বরে সমাবেশ করে দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।
আন্দোলনকারীদের পক্ষে প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিনের মধ্যে দাবি না মেনে নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কয়েকটি ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
উপাচার্য ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। আন্দোলন করে যারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বর্ধিত বেতন ও খাতবিহীন ফি প্রত্যাহারের দাবিতে সোমবার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
ওইদিন এক শিক্ষককে লাঞ্ছনার অভিযোগে দুবছরের জন্য বহিস্কার করা হয় এক শিক্ষার্থীকে।
গত বছরের ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ, মিছিলসহ সব ধরনের আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24