জাবি, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং নিপীড়নের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষকের শাস্তির দাবিতে সংহতি সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ' ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য পাদদেশে বৃহস্পতিবার দুপুর ১২টায় এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে মঞ্চস্থ হয় নাটক 'নন ফিকশন'।
সংহতি সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ড. আব্দুল্লাহ হেল কাফির ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা অনুসারে গঠিত নিপীড়ন বিরোধী সেল যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকেই নিতে হবে।
গত ৫ জুন ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ বিষয়ে তিনি বলেন, সব সরকারের সময়েই বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য ধরে রাখতে প্রশাসন সন্ত্রাসী বাহিনী তৈরি করে, যারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে রাখতে চায়।
অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, যৌন নিপীড়ন ও সন্ত্রাসের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। আর এই যোগাযোগের সেতু বন্ধন তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও পানি সমস্যা, গাছ কাটা বন্ধ করা, সাধারণ শিক্ষার্থীদের চলাফেরায় নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
অবিলম্বে এসব দাবি পূরণ না হলে ১ আগস্ট বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট'র সভাপতি নাসির উদ্দিন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন, নাটক ও নাট্য তত্ত্ব বিভাগের শিক্ষক রিবন খন্দকার, নৃ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইদ ফেরদৌস, সায়মা খাতুন, সরকার ও রাজনীতি বিভাগের সামসুল আলম সেলিম, ফার্মেসি বিভাগের মাফরুহী সাত্তার প্রমুখ।
সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক সংহতি প্রকাশ করেন।
গত ১৯ জুলাই 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ' সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান।
এসব দাবি হলো- অভিযুক্ত দুই শিক্ষকের তদন্ত প্রতিবেদন প্রকাশ, অভিযোগ সেল পুনর্গঠন, দীর্ঘসূত্রতা না করে সিন্ডিকেটের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
এর দুদিন আগে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নাটক ও নাট্য তত্ত্ব বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন সানিকে দুই বছরের বাধ্যতামূলক ছুটি ও পদাবনতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবদুল্লাহ হেল কাফির বিষয়টি আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৮ ঘ.
bdnews24