২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্কের নাম রাবির হল

আবারো শিবিরের হামলার আশঙ্কা আর ছাত্রলীগের উৎপাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ ছাত্রদের রাত কাটে আতঙ্কে। এ কারণে গত পাঁচ মাসে চার শতাধিক ছাত্র হল ছেড়েছেন। জানাচ্ছেন ইসমাইল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 03:36 AM

Updated : 26 Apr 2022, 01:14 AM

ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আতঙ্কে রাত কাটে ছাত্রদের। আবারো ছাত্রশিবিরের হামলার আশঙ্কা, ছাত্রলীগের চাঁদাবাজিসহ নানা উৎপাতে গত পাঁচ মাসে চার শতাধিক ছাত্র হল ছেড়ে গেছেন। এসব ছাত্রের অনেকেই বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় তারা হল ছাড়তে বাধ্য হয়েছেন। ছাত্রলীগ দাবি করেছে, তারা কোনো অপকর্ম করছে না। বরং শিবিরের হামলার ভয়ে সাধারণ ছাত্ররা হল ছাড়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের নির্ভয়ে হলে থাকার আহ্বান জানিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের অস্ত্রধারীরা হলে হলে ছাত্রলীগের ওপর হামলা ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশসহ অর্ধশত ছাত্রলীগ কর্মী আহত হয়। শিবিরের অস্ত্রধারীরা ছাত্রলীগের চার কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়। পরদিন সকালে শাহ্ মখদুম (এসএম) হলের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের লাশ উদ্ধার করা হয় একটি ম্যানহোল থেকে। পুলিশ বলেছে, শিবিরের হামলায় মারা গেছেন ফারুক। এ ঘটনার পর রাজশাহীতে জামায়াত-শিবিরের প্রায় দুশ' নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গা ঢাকা দেয় বিশ্ববিদ্যালয় শিবিরের নেতাকর্মীরা। সম্প্রতি শিবিরের নেতাকর্মীরা গোপনে ক্যাম্পাসে ঢুকে আতঙ্ক সৃষ্টি করছে। তারা এ পর্যন্ত তিন দফা রাতের আঁধারে ক্যাম্পাসে ঝটিকা মিছিল, ভাঙচুর ও বোমা ফাটিয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগের কর্মীরা শাহ মখদুম (এসএম) হলের এক ছাত্রের কাছে দুহাজার টাকা চাঁদা দাবি করে তাকে ভয়ভীতি দেখায়। সোহরাওয়াদী হলের এক ছাত্র চাঁদা না দেওয়ায় তাকে মারধর ও সিগারেটের আগুনে তার শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ১০টি হলের সাধারণ ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এসব কারণে আতঙ্কে আছেন। হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ৮ ফেব্রুয়ারির শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর এ পর্যন্তএসএম হলের ৩৯ জন, সৈয়দ আমীর আলী হল থেকে ৩০ জন, নবাব আব্দুল লতিফ হল থেকে ৩৩ জন, শহীদ শামসুজ্জোহা হলের ৪৮ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে ৮৪ জন, মাদার বখ্শ হল থেকে ৬৯ জন, জিয়াউর রহমান হল থেকে ৩৭ জন, শহীদ হবিবুর রহমান হল থেকে ৩৮ জন, শের-ই-বাংলা ফজলুল হক হল থেকে ২৫ জন সাধারণ ছাত্র হল ছেড়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে চলে গেছেন অন্তত ২০ জন ছাত্র। হল ছেড়ে তারা বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী, তালাইমারী ও নগরীর বিভিন্ন ছাত্রাবাসে উঠেছেন। শূন্য আসন বরাদ্দের উদ্যোগ নিলেও তেমন সাড়া মেলেনি। দ্বিতীয় বর্ষের ছাত্রদের বরাদ্দ দেওয়ার পরও হলগুলোর অনেক আসন ফাঁকা থেকে যাচ্ছে। কেবল শহীদ শামসুজ্জোহা হলে দেখা গেছে, দুই মাস আগে এই হলে ১২০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ৬০টি। আবেদনকারী সবাইকে আসন বরাদ্দ দেওয়া হলেও হলে উঠেছেন মাত্র ৫৪ জন ছাত্র। এর কারণে হল কর্তৃপক্ষ এ মাসের প্রথম সপ্তাহে আবারো নোটিশ দিয়েছে। শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মর্ত্তুজা খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮ ফেব্রুয়ারির সংঘর্ষের পর অনেক ছাত্র হল ত্যাগ করেছে। বারবার বরাদ্দের নোটিশ দেওয়া হলেও আসন পূরণ হচ্ছে না।" এ হলের শূন্য ২৫টি আসনের জন্য আবারো নোটিশ দেওয়া হয়েছে। চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রথমবর্ষের ছাত্ররাও আবেদন করতে পারবে বলে জানান তিনি। তবে আসন বাতিল করে হল ত্যাগ এবং হলে ছাত্রদের ওঠতে না চাওয়ার কারণ বলতে চাননি প্রাধ্যক্ষ। ৮ ফেব্রুয়ারি রাতে সৈয়দ আমীর আলী হলের ৩২৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র রুহুল আমিনের পায়ের রগ কেটে দেয় শিবিরকর্মীরা। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসার পরও তিনি পুরোপুরি সুস্থ্য হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই হামলার পর তিনি হল ছেড়েছেন। আর কখনো হলে উঠবেন কিনা জানেন না তিনি। মাদার বখ্শ হল থেকে চলে যাওয়া এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিবির আতঙ্ক এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের উৎপাতের কারণে তিনি মেসে গিয়ে উঠেছেন। ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির দাবি করেন, "যারা হল ছেড়েছেন তারা শিবিরকর্মী। আবার অনেকেই শিবির আতঙ্কে হল ছেড়েছেন।" ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি। প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক এসএ হায়দার বলেন, "কোনো প্রাধ্যক্ষই এ বিষয়ে আমাকে কিছু জানাননি।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মুহম্মদ জাকারিয়া বলেন, "কোনো ছাত্র বা হল কর্তৃপক্ষ এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।" ক্যাম্পাস ও হলগুলোর নিরাপত্তা জোরদার আছে জানিয়ে তিনি ছাত্রদের নির্ভয়ে হলে থাকার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৯২৫ ঘ.