দিনাজপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হারে এবার মেয়েরা এগিয়ে আছে।
মেয়েদের উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৬৬। ছেলেদের উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৪১।
বৃহস্পতিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ পরীক্ষার ফল প্রকাশ করে সাংবাদিকদের জানান, এবার গড় উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৫৪। গতবার উত্তীর্ণ হয়েছিলো ৫৫ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী।
এবার ৭২ হাজার ৮৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ হাজার ২০২ জন কৃতকার্য হয়েছে। গ্রেড পয়েন্ট এভারেজ-৫ (জিপিএ) পেয়েছে এক হাজার ৮১৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো এক হাজার ৩৮৮ জন।
বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ১৪ শ' ৪৮, মানবিকে ২৩২ ও বাণিজ্যে ১৩৪ জন শিক্ষার্থী।
পরীক্ষায় ৩৬ হাজার ৬৯৩ জন ছাত্র এবং ৩৬ হাজার ১৫৯ জন ছাত্রী অংশ নিয়েছে।
এ বছর উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জনই জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজ থেকে ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন।
তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুরের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মাহবুব সেনানিবাস। এই কলেজ থেকে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।
বাকি শীর্ষ সাত শিক্ষা প্রতিষ্ঠান হলো- নীলফামারীর সৈয়দপুর গভ. টেকনিক্যাল কলেজ, রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেনট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ।
মোট ৪৭৯টি কলেজের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠান হলো- রংপুর ক্যাডেট কলেজ (৪৪ জন), গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাহার শিল্প নগরী কলেজ অ্যান্ড গবেষণা কেন্দ্র (৪ জন), চিবিরবন্দরের আমতলী কলেজ (২ জন), ঠাকুগাঁওয়ের রাণীশৈংকলের কবি নজরুল কলেজ (২ জন), মীরপুর রংপুরের মিঠাপুকুরের আদর্শ স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।
এছাড়া পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
এগুলো হলো- রংপুরের সায়ামপুর গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ (৩ জন), গাইবান্ধার বামনডাঙ্গা এম এম আলহাজ্ব হোসেন মো. এরশাদ স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), বুড়াবুড়ি আজিতউল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ (২ জন), দিনাজপুরের বীরগঞ্জ টিবিএম কলেজ (একজন), ঠাকুরগাঁওয়ের বাংলাগড় কলেজ (একজন)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৫৫০ ঘ.
bdnews24