ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারাদেশে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গতবার এ সংখ্যা ছিলো ৪১টি।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সাল থেকে ধারাবাহিকভাবে শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমতে শুরু করে। সর্বশেষ ২০০৮ ও ২০০৯ সালে এটি কমে দাঁড়িয়েছিলো ৪১টিতে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, শূন্য শিক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০০৩ সালে ছিলো ২৯৮টি, ২০০৪ সালে ছিলো ২৭৮টি, ২০০৫ সালে ছিলো ২৭২টি, ২০০৬ সালে ছিলো ৮৬টি, ২০০৭ সালে ছিলো ৬০টি।
২০০২ সালে ৫৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ছিলো শূন্য।
এবার ঢাকা বোর্ডে তিনটি, রাজশাহী বোর্ডে তিনটি, যশোর বোর্ডে তিনটি, বরিশালে তিনটি, চট্টগ্রামে একটি এবং দিনাজপুরে পাঁচটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাঁচটি, কারিগরি বোর্ডে দুটি প্রতিষ্ঠানে পাসের সংখ্যা শূন্য।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭ হাজার ১০১ টি প্রতিষ্ঠানের মোট ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। গড় পাসের হার ৭৪ দশমিক ২৮। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৬৭১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/আরএ/এমএসবি/১৫৩১ ঘ.
bdnews24